আফগান ক্রিকেটে ট্রট অধ্যায়ের ইতি, প্রশংসায় ভাসালেন রশিদ

আফগান ক্রিকেটে ট্রট অধ্যায়ের ইতি, প্রশংসায় ভাসালেন রশিদ

সংগৃহীত ছবি

আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন জোনাথন ট্রট। টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচটিই হবে তার অধীনে দলের শেষ ম্যাচ। বিদায়ি কোচকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন অধিনায়ক রশিদ খান।

ম্যাচের আগের দিন রশিদ বলেন, ‘বিশ্বকাপের পরপরই আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ এবং এরপর আইপিএল আছে।

আগামীকাল জোনাথন ট্রটের আমাদের সঙ্গে শেষ ম্যাচ। তার সঙ্গে আমরা অসাধারণ কিছু ম্যাচ ও সফর কাটিয়েছি। আফগান ক্রিকেটকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে তিনি বড় ভূমিকা রেখেছেন।’

তিনি আরো যোগ করেন, ‘তিনি প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কঠোর পরিশ্রম করেছেন।

আমরা সবাই তাকে খুব মিস করব। দলকে সঠিক পথে এগিয়ে নিতে তিনি মূল ভূমিকা পালন করেছেন।’

ট্রটের অধীনে আফগানিস্তান ধারাবাহিকভাবে শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার সামর্থ্য দেখিয়েছে। দলটির পারফরম্যান্সে এসেছে শৃঙ্খলা ও কৌশলগত উন্নতি।

রশিদের মতে, এই অগ্রগতি এসেছে কঠোর পরিশ্রম ও পরিষ্কার পরিকল্পনার মাধ্যমে।

‘এখন আমাদের বিপক্ষে কিছুই সহজ নয়। প্রতিপক্ষ দলগুলো আমাদের বিপক্ষে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে। নিজেদের দক্ষতা বাড়াতে হবে এবং সবসময় এক ধাপ এগিয়ে থাকতে হবে,’ যোগ করেন তিনি।

আসন্ন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে আফগানিস্তান নিজেদের আরও প্রস্তুত করতে চায়।

২০২৩ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের পর এবার আরো উন্নতির লক্ষ্য তাদের।

রশিদ বলেন, ‘আমরা ২০২৩ বিশ্বকাপে ভালো খেলেছি। তবে যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলো নিয়ে কাজ করছি। প্রতিদিন আরো ভালো করতে চাই।’