আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট চিকিৎসকের যোগদান
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে আটজন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ উপলক্ষে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে নেক্সাস ইনোভেশন।
অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের হাতে যোগদানপত্র তুলে দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান।
এ সময় বক্তব্য দেন গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. রোকেয়া খাতুন। এছাড়া নতুন যোগদানকারী চিকিৎসকদের মধ্যে অনুপ সাহা ও মনীষা রানী বণিক এবং নেক্সাস ইনোভেশনের কর্মকর্তা দেবাশীষ রায় বক্তব্য রাখেন। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মিশুক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশ্যে একটি উপস্থাপনা তুলে ধরা হয়।
সদ্য যোগ দেওয়া চিকিৎসকরা হলেন— নাহিয়া জামান তাপ্তি, মনীষা রানী বণিক, মো. আরাফাত, মনিরুল ইসলাম সজীব, মো. রায়হান উদ্দিন, অনুপ সাহা, আতিয়ার রহমান ও সেফায়েত ইসলাম। অনুষ্ঠানে তাদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান জানান, নতুন আটজন চিকিৎসক যোগদান করায় দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কাটবে। আরও পাঁচজন কনসালটেন্ট নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এতে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।