ম্যাচ চলাকালে মৌমাছির আক্রমণে আম্পায়ারের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরে মর্মান্তিক এক ঘটনায় শোক নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে। অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে এক আম্পায়ারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
নিহত মানিক গুপ্ত (৬৫) দীর্ঘদিন ধরে কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন। প্রায় তিন দশক ধরে তিনি বিভিন্ন আঞ্চলিক ও বয়সভিত্তিক ক্রিকেট ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছিলেন।
ঘটনার দিনও তিনি একটি বয়সভিত্তিক ম্যাচে দায়িত্বে ছিলেন। খেলা চলার মধ্যেই হঠাৎ করে মৌমাছির ঝাঁক মাঠে নেমে আসে এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের ওপর আক্রমণ শুরু করে। এতে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।
এই হামলায় গুরুতর আহত হন মানিক গুপ্ত। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় আরেক আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানা গেছে। অন্যান্য আহতদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে।
মানিক গুপ্তের মৃত্যুতে স্থানীয় ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ক্রীড়া সংগঠকরা তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে তিরুবনন্তপুরমে ভারত ‘এ’ ও ইংল্যান্ড লায়ন্সের একটি ম্যাচও মৌমাছির আক্রমণের কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। তবে সে ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।