আখাউড়ায় শিশুকে বলাৎকারের অভিযোগ
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যৌন লালসার শিকার হয়েছে এক শিশু। ডেকে নিয়ে তাকে বলৎকার করা হয়েছে। এতে তার পায়ুপথ রক্তাক্ত হয়। অসুস্থ অবস্থায় ওই শিশু ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তবে মামলা দায়েরের পর থেকে শিশুর পবিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
আখাউড়া থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামে সাড়ে আট বছরের এক শিশুকে গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে কৌশলে নিয়ে যায় প্রতিবেশি মিনার মিয়ার ছেলে সামির মিয়া (১৯)। বড়মুড়া জঙ্গল নামে একটি স্থানে ওই শিশুকে জোরপূর্বক বলৎকার করে ফেলে রেখে যায় সামির। বাড়িতে এসে পরিবারের লোকজনকে ঘটনা জানায় ওই শিশু।
ওই শিশুর মা জানায়, বিকেল থেকে তার ছেলেকে পাচ্ছিলেন না। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় সে বাড়িতে আসে। ঘটনা খুললে বললে সামিরের পরিবারকে জানানো হয়। কিন্তু তারা কর্ণপাত করেননি। অসুস্থ সন্তানকে সবার সহযোগিতায় চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয় বলে জানান তিনি। ১৯ ফেব্রুয়ারি রাতে তিনি এ ঘটনায় মামলা দায়ের করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত সামির ট্রেনে করে পালানোর চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।