নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে ইফতার করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি
নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে নিয়ে ইফতার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরকান্দা উপজেলার লষ্করদিয়া ইউনিয়নের আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে ঢাকা থেকে তিনি দুপুরে নগরকান্দা থানায় পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। পরে উপজেলার লস্করদিয়া গ্রামে বাবা মরহুম কেএম ওবায়দুর রহমানের কবর জিয়ারত করেন শামা ওবায়েদ।
এরপর বিকেলে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল তালুকদারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।