গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতা আটক

গাইবান্ধায় আওয়ামী লীগের দুই নেতা আটক

প্রতিকি ছবি

গাইবান্ধায় মিছিল নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাইবান্ধা পৌরপার্ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাইবান্ধা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলার সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন ও জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন চোকাদ্দার।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পৌনে ৩টার দিকে শহরের এক নম্বর রেলগেট এলাকায় দলীয় কার্যালয় থেকে তারা পুষ্মমাল্য নিয়ে মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা পৌরপার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে ওই দুই নেতাকে আটক করে পুলিশ। পরে তাদেরকে থানায় নেওয়া হয়।

এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।