মুন্সীগঞ্জে অজ্ঞাত রোগে একদিনে সাড়ে ৬ হাজার কোয়েলের মৃত্যু
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে একটি কোয়েল পাখির খামারে অজ্ঞাত রোগে একদিনের মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মধ্যচর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।
খামার মালিক সুফিয়ান বলেন, ‘শনিবার দুপুর থেকে হঠাৎ করে পাখিগুলো অসুস্থ হয়ে পড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই একের পর এক কোয়েল মারা যেতে থাকে। রবিবার বিকাল পর্যন্ত প্রায় সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু হয়েছে।’
তিনি আরও জানান, কয়েক মাস আগে বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে প্রায় ৮ হাজার কোয়েল বাচ্চা কিনে খামারটি গড়ে তোলেন। পাখিগুলো ডিম দেওয়া শুরু করলে প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩ হাজার টাকা। যা দিয়ে পরিবারসহ তিনজন শ্রমিকের জীবিকা চলত।
খামার মালিকের দাবি, হঠাৎ অজ্ঞাত রোগে পাখিগুলো ঝিমিয়ে পড়ে এবং দ্রুত মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। বর্তমানে জীবিত পাখিগুলোর অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলেক চান সজীব বলেন, ‘খামারির এই ক্ষতিতে আমি অত্যন্ত মর্মাহত। ক্ষতিগ্রস্ত খামারিকে সহযোগিতা করা প্রয়োজন।’
সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ জানার চেষ্টা করছি।’