ইউক্রেনে বিস্ফোরণে নারী পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২৫

ইউক্রেনে বিস্ফোরণে নারী পুলিশ কর্মকর্তা নিহত, আহত ২৫

সংগৃহীত ছবি

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ-এ সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৩ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। ইউক্রেনীয় কর্মকর্তারা একে পরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে সংঘটিত এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৩ বছর বয়সী এক নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। ইউক্রেনীয় কর্মকর্তারা একে পরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইউক্রেনের জাতীয় পুলিশ জানায়, রবিবার মধ্যরাতের কিছু পর শহরের কেন্দ্রস্থলে একটি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তখনই ময়লার ঝুড়িতে পুঁতে রাখা দুটি ঘরে তৈরি বিস্ফোরক একের পর এক বিস্ফোরিত হয়। প্রথম বিস্ফোরণের পর দ্বিতীয় পুলিশ দল ঘটনাস্থলে এলে আরেকটি বিস্ফোরণ ঘটে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। লভিভের মেয়র আন্দ্রিই সাদোভিই জানান, আটক ব্যক্তি একজন ইউক্রেনীয় নারী।

পরে পুলিশ জানায়, ৩৩ বছর বয়সী ওই নারী রাশিয়ার বিশেষ গোয়েন্দা সংস্থার এক এজেন্টের নির্দেশনায় বিস্ফোরক তৈরি ও স্থাপন করেছিলেন। হামলায় নিহত পুলিশ কর্মকর্তার নাম ভিক্তোরিয়া শপিলকা।

রবিবার সকালে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় পুলিশ জানায়, মাত্র ২৩ বছর বয়সী ভিক্তোরিয়া শপিলকা ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার সময়ই পুলিশ বাহিনীতে যোগ দেন। খেরসন অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটেই তাঁর কর্মজীবনের সূচনা হয়েছিল।

এই ঘটনায় অন্তত ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, যাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো বলেন, পুলিশ ও ইউক্রেনের নিরাপত্তা সংস্থা যৌথভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তিনি উত্তর-পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলের বাসিন্দা। হামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।