কোচ মাহবুব আলী জাকিকে স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

কোচ মাহবুব আলী জাকিকে স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

সংগৃহীত ছবি

জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মাহবুব আলী জাকির স্মরণে শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গড়াবে এ আসর। এ আয়োজন করেছে ঐতিহ্যবাহী ইলেভেন স্টার ক্লাব।

সোমবার কুমিল্লা স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু।

তিনি বলেন, মাহবুব আলী জাকি ছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষ। খেলার মাঠেই তার জীবনাবসান হয়। তার কীর্তি ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এ উদ্যোগ।

টুর্নামেন্টে আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আম্পায়ার এনামুল হক মনি। টুর্নামেন্টে কুমিল্লার আটটি দল অংশগ্রহণ করছে। আগামী ৪ মার্চ ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি হবে আসরটির।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির কো চেয়ারম্যান এমদাদুল হক ইমদু, ক্রিকেট কোচ হাবীব মোবাল্লেগ জেমস, রিয়াজ মাহমুদসহ অন্যরা।