নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

নারায়ণগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১

প্রতিকি ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিরচর এলাকায় পুলিশের তল্লাশিতে ধরা পড়েছে ৫ কেজি গাঁজার একটি চালান। বিকেলে মেঘনা টোল প্লাজার ঢাকাগামী লেনে এ অভিযান চালানো হয়।

বিকেল ৪টা ৩৫ মিনিটে কুমিল্লা থেকে আসা একটি পালসার মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামার সংকেত দেয় পুলিশ। চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। ধাওয়া চলাকালীন মোটরসাইকেলের পেছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহীরা গাড়ি ফেলে দৌড়ে পালায়। পুলিশ পরিত্যক্ত মোটরসাইকেল থেকে একটি নুডলসের কার্টুন উদ্ধার করে, যার ভেতর থেকে ৫ কেজি গাঁজা পাওয়া যায়।

ঘটনার পর রাতে ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বন্ধু জীবন'র সঙ্গে মিলে কুমিল্লার দাউদকান্দি থেকে গাঁজা কিনে তারা কাঁচপুর যাচ্ছিল। জিসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, মোটরসাইকেল চালক জীবন মিয়া এখনো পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।