রাজবাড়ীতে জমি বিরোধের জেরে হামলা, কৃষকের মৃত্যু
প্রতিকি ছবি
রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আতর শেখ (৫৫) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আতর শেখ সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে।
সোমবার সন্ধ্যায় আতর শেখের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামকান্তপুর ইউনিয়নের সূর্য মিয়ার সঙ্গে স্থানীয় কুদ্দুস শেখের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। সোমবার সকালে সূর্য মিয়া বেশ কিছু লোকজন নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে কুদ্দুস, খালেক ও বারেক শেখসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যদের ওপর হামলা চালায়। এতে ১৭ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা করা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবে।