সিলেটবাসীর জন্য সতর্কবার্তা দিল সিলেট মহানগর পুলিশ

সিলেটবাসীর জন্য সতর্কবার্তা দিল সিলেট মহানগর পুলিশ

ফাইল ছবি

সিলেটবাসীর জন্য আরেকটা সতর্কবার্তা দিল সিলেট মহানগর পুলিশ। আর এই সতর্কবার্তা অমান্য করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সতর্কবার্তাটি হচ্ছে, রাতে ঘরের বাইরে আড্ডাবাজী নিয়ে।

সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীর মোড়ে রমজানের রাতে দলে দলে আড্ডাবাজীতে মগ্ন থাকেন কিশোর-তরুণরা। তাদের অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। এসব আড্ডা থেকে অনেক সময় অনেক বেপরোয়া কাণ্ডও ঘঠেছে। এমনকি, তা কখনো কখনো খুনাখুনীর পর্যায়েও পৌঁছায়।

বিষয়টি নিয়ে নানান শঙ্কা ও আতঙ্ক থাকে সিলেটবাসীর মধ্যে। বিশেষ করে সচেতন মহল এ ব্যাপারে বরাবরই আতঙ্কগ্রস্ত। কিশোর-তরুণদের কোন আড্ডা থেকে কখন কোথায় কোন অঘটন ঘটে- এ নিয়ে শঙ্কিত থাকে অভিভাবকবৃন্দও।

এবারের রমজানের শুরু থেকেই এমন আড্ডাবাজী চলছে সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীতে কিশোর তরুণদের আড্ডাবাজীতে মেতে থাকতে দেখা যাচ্ছে। এমনকি কোনো কোনো অলিগলীতে ক্রিকেট ব্যাট আর বল হাতে নেমে পড়ছেন তারা। আর চিৎকার চেঁচামেচী হই-হুল্লোড়তো চলছেই।  

সম্প্রতি জারিকৃত গণবিজ্ঞপ্তিতে সিলেটের পুলিশ কমিশনার রাতে কিশোর তরুণদের আড্ডাবাজী না করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিভবাকদেরও সতর্ক করার পাশাপাশি সহযোগিতাও চাওয়া হয়েছে।

কিভাবে এই আড্ডাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?

এমন প্রশ্নের জবাবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা অভিযান শুরু করেছি। যেসব এলাকায় এসব আড্ডাবাজী বেশী হয়, ওই এলাকাগুলোতে আমাদের দেখে তারা দ্রুত কেটে পড়ছে। আমরা ওইসব এলাকার অধিবাসীদের ডেকে মৌখিকভাবে সতর্ক করছি।

তিনি আরও বলেন, যদি এরপরও তারা সতর্ক না হন বা আড্ডাবাজী চলতে থাকে, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি শিক্ষার্থীদের আড্ডাবাজীর বদলে লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।