ইবির তিন হলে চার দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি
সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল, শাহ আজিজুর রহমান হল ও সাদ্দাম হোসেন হলের ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন, রমজানে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে প্রভোস্টদের বরাবর পৃথক স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান ও অধ্যাপক ড. আবুল কালাম আজাদের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপি প্রদানের সময় শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন ও স্বাক্ষরের নেতৃত্বে উপস্থিত ছিলেন তৌহিদুর রহমান, আসাদ তৌফিক, সাদ ওসমান, এনামুল হক ইমন, হাফিজুর রহমান, আবু তাহের, শাহরিয়ার, শাহিন আলম শুভ, ফজলে রাব্বি, শাহরিয়ার রশিদ নিলয়, রিদ্য, জামাল, লুৎফর, ইমামসহ হলের অন্যান্য আবাসিক শিক্ষার্থীরা।
হলের ডাইনিংয়ে পরিবেশিত খাবারের মান বর্তমানের তুলনায় উন্নত করা। বিশেষ করে খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করা। রমজান মাসে শিক্ষার্থীদের ইবাদত ও দৈনন্দিন ব্যবহারের সুবিধার্থে হলের ওয়াশরুম ও টয়লেটসমূহ নিয়মিত পরিষ্কার রাখা।
আবাসিক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে রমজানে অন্তত একদিন সম্মিলিত ইফতারের আয়োজন করা। রমজান ও ক্যাম্পাস ছুটির সময় অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যাওয়ায় নিরাপত্তা বিঘ্নিত হয় এবং চুরির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাই হলের গেট ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা।
সংগঠনের নেতাকর্মীরা জানান, ডাইনিংয়ে মানসম্মত খাবার, ওয়াশরুমের পরিচ্ছন্নতা, ইফতারের ব্যবস্থা এবং ছুটিকালীন নিরাপত্তা এই চারটি বিষয় বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে আবাসিক হলের পরিবেশ আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব হবে।