চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৩
ফাইল ছবি
চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় সামির আহমেদ সুমন (৪০) নামে আরও একজন মারা গেছেন। তিনি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে সামির আহমেদ নামে দগ্ধ আরেকজন মারা যান। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে মঙ্গলবার সকালে দগ্ধদের মধ্যে শাওন নামে একজন মারা যান বলে জানান হাসপাতালের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
এই দু’জনসহ গ্যাস বিস্ফোরণের এই ঘটনায় তিনজন মারা গেলেন।
এর আগে নুর জাহান আক্তার রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়। তার শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল।
উল্লেখ্য, সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরের এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন এলাকায় হালিমা মঞ্জিল নামে ছয়তলা ভবনের তৃতীয় তলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট নয়জন দগ্ধ হন।
দগ্ধ অন্যরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), শিপন (৩০), আনাস (৭), আইমান (৯), আয়েশা আক্তার (৪), পাখি আক্তার (৩৫)। তাদের মধ্যে পাখি এবং সাখাওয়াতের শরীর শতভাগ পুড়ে গেছে।