বগুড়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
প্রতিকি ছবি
বগুড়ার দুপচাঁচিয়ায় মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে উপজেলার জিয়ানগরের বড়িয়া গ্রামের একটি ধানখেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোজাম উদ্দিন শাহ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মোজাম উদ্দিন নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া এলাকার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানখেতের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকে তার ভ্যানটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।