দেবরের মৃত্যুর ২৪ ঘণ্টা পর ভাবির আত্মহত্যা
প্রতিকি ছবি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার এলাকায় দেবরের আত্মহত্যার ২৪ ঘণ্টার মধ্যে চাচাতো ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করেছেন। গোপন সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারণা।
বুধবার সকালে মধ্য মহিষার এলাকার এলিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী।
এর আগে মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুর এলাকায় ইফতারের পর নিজ কর্মস্থলের পাশের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেন মিল্টন মল্লিক। তিনি ফয়সাল মল্লিকের চাচাতো ভাই। তার মৃত্যুর এক দিনের মধ্যে গ্রামের বাড়িতে এলিনা আক্তারের আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিল্টন মল্লিকের সঙ্গে এলিনা আক্তারের সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে এলাকায় আলোচনা চলছিল। প্রায় তিন মাস আগে বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারে উত্তেজনা তৈরি হয়।
মিল্টনের মরদেহ এলাকায় নেওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকায় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। তার মৃত্যুর খবরের পরদিনই এলিনার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোক ও বিস্ময় নেমে এসেছে।
নিকটাত্মীয় আব্দুল খালেক মাদবর বলেন, দুজনের সম্পর্ক নিয়ে পরিবার আগে থেকেই অবগত ছিল। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আত্মহত্যার ঘটনায় খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।