‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের ইফতার মাহফিল

‘কুরআনের পাখি’ আবু রায়হানকে নিয়ে মালয়েশিয়া প্রবাসীদের ইফতার মাহফিল

সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন ‘কুরআনের পাখি’ নামে পরিচিত কিশোর হাফেজ ক্বারি আবু রায়হান।  তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত পুরো অনুষ্ঠানে এক ধর্মীয় আবহ এনে দেয়।

বুধবার (২৫ ফেব্রুযারি) রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেট খ্যাত কোতারায়ার একটি হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে অংশ নেন বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।  শুরুতেই পবিত্র কুরআন সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করেন আবু রায়হান। 

আয়োজক প্রবাসী আবুল কালাম জানান, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে সুদৃঢ় করতেই এ আয়োজন। বিশেষ করে নতুন প্রজন্মের মাঝে কুরআনের শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দিতে আবু রায়হানের মতো তরুণ হাফেজদের সামনে আনা অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

ইফতার মাহফিলে উপস্থিত প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল বলেন, আবু রায়হান শুধু একজন হাফেজ নন, তিনি কুরআনের আলো ছড়িয়ে দেওয়া এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অর্জন ও সাধনা প্রবাসী বাংলাদেশি শিশু-কিশোরদের জন্য অনুকরণীয়। 

ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন- কোতারায়া বাংলা মসজিদের খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। তিনি মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস হিসেবে রমজানের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে খতিব তার বক্তব্য বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ ধরে রাখতে হবে।

আবু রায়হান মালয়েশিয়া প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আমি এই প্রথম প্রবাসে তারাবিহর নামাজ পড়াচ্ছি। পবিত্র রমজান মাস পুরোটাই আপনাদের সঙ্গে আছি। আপনাদের পাশে থেকে আমার খুব ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসীদের সার্বিক উন্নতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খতিব হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য আরও জোরদার করবে।

উল্লেখ্য, হাফেজ ক্বারি আবু রায়হান বাংলাদেশের একজন বিশ্বজয়ী কুরআন তিলাওয়াতকারী (ক্বারি) এবং হাফেজ । তিনি আন্তর্জাতিক অঙ্গনে একাধিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে গৌরব বয়ে এনেছেন। ২০০৫ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বল্লবদী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বল্লবদী আল-ইসলাহ একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেন। 

২০১৮ সালে কাতারের টেলিভিশন চ্যানেল ‘জিম টিভি’ আয়োজিত তিজান আন-নূর আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। ২০২৪ সালে আফ্রিকার সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে তিনি প্রথম স্থান অধিকার করেন। 

বর্তমানে তিনি রমজানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদে তারাবিহর নামাজ পড়াচ্ছেন।