পাকুন্দিয়ায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ফাইল ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নাছির উদ্দীন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া-মঠখোলা আঞ্চলিক সড়কের নিশ্চিন্তপুর পাঁচতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত নাছির উদ্দীন চরফরাদী ইউনিয়নের চরতেরটেকিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাছির উদ্দীন হোসেন্দী মানিক কবিরাজের বাড়ি থেকে শরীরের ব্যথার ওষুধ নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নিশ্চিতপুর পাঁচতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।