কুমিল্লার দেবীদ্বারে সরকারি কাজে বাধা ও মাদক সেবনের দায়ে দুই জনের কারাদণ্ড
সংগৃহীত ছবি
কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে সরকারি কাজে বাধা প্রদান ও মাদক সেবনের দায়ে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।
দুপুর ১২টার দিকে দেবীদ্বার সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের সদস্য মো. ইমন হোসেনকে (২১) আটক করা হয়। তিনি পৌরসভার বড় আলমপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বারেরা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ মো. আইয়ুব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজা বহন ও সেবনের দায়ে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘সরকারি কাজে বাধা প্রদান করায় হাসপাতালে আটক দালাল চক্রের এক সদস্যকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক (গাঁজা) বহন ও সেবনের দায়ে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’