সমুদ্রে সাঁড়াশি অভিযান: অস্ত্র–কার্তুজসহ ৩০ ডাকাত ও জলদস্যু আটক

সমুদ্রে সাঁড়াশি অভিযান: অস্ত্র–কার্তুজসহ ৩০ ডাকাত ও জলদস্যু আটক

প্রতিকি ছবি

কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া উপকূলবর্তী সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু দমনে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ ৩০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের উপদ্রব বেড়েছে—এমন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বপ্রাপ্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করে। আধুনিক জাহাজ ও উচ্চগতির স্পিডবোটের পাশাপাশি রাডার, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস), ভিএইচএফ ও এইচএফ যোগাযোগব্যবস্থা এবং জিপিএস প্রযুক্তি ব্যবহার করে নাফ নদী ও সমুদ্রসীমায় সন্দেহজনক জলযান ও গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে।

গত দুই মাসে পরিচালিত একাধিক বিশেষ অভিযানে ৪টি আগ্নেয়াস্ত্র, ১৭টি দেশীয় অস্ত্র ও ৬ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। এ সময় ৩০ জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়। পাশাপাশি ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩২ জন জেলেকে জীবিত উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধারাবাহিকতায় শুক্রবার কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া এবং বিসিজি স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী, কুতুবদিয়া ও শাহপরীর সমন্বয়ে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতেও তৎপরতা জোরদার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সাগর, নদীপথ ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।