চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
ফাইল ছবি
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শুক্রবার পৃথক দুর্ঘটনায় মীরসরাই ও লোহাগাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। নিহতরা মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পূর্ব হাইতকান্দি কচুয়া গ্রামের মৃত আলী আহমদ মিস্ত্রির ছেলে নুরুল আলম (৬৫) এবং লোহাগাড়া উপজেলার আধুনগর মছদিয়া গ্রামের অনিক বড়ুয়া। তিনি অটোরিকশার চালক ছিলেন।
জানা গেছে, শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় বিএসআরএমের স্ক্র্যাপবাহী একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুরুল আলম মৃত্যুবরণ করে। নিহতের চাচাতো ভাই নুরুল মোস্তফা বলেন, নুরুল আলম একজন পরহেজগার মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি সীতাকুণ্ডের গফুর মসজিদে যাওয়ার জন্য বাড়ি থেকে নিজামপুরে যান। সেখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি তাকে চাপা দেয়।
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ জাকির রব্বানী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মরদেহ বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এলাকার লোহাগাড়া উপজেলার আধুনগর বাসস্টেশন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনিক বড়ুয়া নিহত হয়। এঘটনায় আহত হয়েছে, কানিজ ফাতিমা (৪০), তার শিশু কন্যা রুমাইছা (৫) ও রুজা (১), মো. জোনাইদের স্ত্রী হুসনের আরা বেগম (৩৯), তার আড়াই বছর বয়সী ছেলে আমির, আব্দুস সবুরের ছেলে কামরুল হুদা (৫০) এবং মিনিট্রাকের হেলপার মো. হাসান (১৭)। দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।