মৌলভীবাজারে ৩০ নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন
সংগৃহীত ছবি
আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তিন মাসব্যাপী দর্জি প্রশিক্ষণ শেষে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল ৩০ নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের কলেজ রোডের পাশে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো.সাইফুল ইসলাম। বসুন্ধরা শুভসংঘ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপদেষ্টা ও পাঠকপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আহমদ সিরাজ, শ্রীমঙ্গল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক মো.সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাস, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সাংবাদিক এম এ রকিব ও বসুন্ধরা শুভ সংঘের জেলা সভাপতি মুহিবুর রহমান মুহিব।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, হাজী রাশিদ মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বিল্লাল হোসেন, দৈনিক কালের কণ্ঠের কমলগঞ্জ প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান, বাংলানিউজের বিশ্বজিৎ ভট্রাচার্য বাপন ও বসুন্ধরা শুভ সংঘের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাব্বির এলাহী, বসুন্ধরা শুভ সংঘের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক মো.সুজন মিয়া
অনুষ্ঠানে শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের নারী উন্নয়ন, শিক্ষাবৃত্তি, গৃহহীনদের জন্য ঘর নির্মাণসহ অসংখ্য মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিতভাবে কাজ করছে। নারীদের অর্থনৈতিকভাবে দাঁড় করাতে এই উদ্যোগ আমাদের অব্যাহত প্রচেষ্টার অংশ।
কমলগঞ্জ উপজেলা থেকে আসা উপকারভোগী স্মৃতি রাণী কর আবেগঘন কণ্ঠে বলেন, আমি একজন অসহায় নারী। এই প্রশিক্ষণ ও সেলাই মেশিন চালিয়ে বাকি জীবন বদলাবো। এখন আমি নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। ধন্যবাদ বসুন্ধরা শুভ সংঘকে।
উপকারভোগী মুক্তা রানী বলেন, এখন থেকে আমি সেলাই মেশিনে কাজ করে পরিবারের জন্য বাড়তি আয় করতে পারব। এতে পরিবার-পরিজন নিয়ে ভাল থাকবো। বসুন্ধরা শুভ সংঘকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইমদাদুল হক মিলন উপকার ভোগীদের উদ্দেশ্য বলেন, এপর্যন্ত বাংলাদেশে প্রায় তিন হাজার সেলাই মেশিন দিয়েছি বিভিন্ন জায়গায়। এই সেলাই মেশিনটি সঠিকভাবে ব্যবহার করতে পারলে আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন করা সম্ভব হবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে ৩০টি সেলাই মেশিন তুলে দেওয়া হয়। বসুন্ধরা শুভসংঘের কর্মকর্তারা জানান, নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আগামীতে আরও পরিসরে উদ্যোগ নেওয়া হবে।