নরসিংদীতে ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে জকসুর বিক্ষোভ
সংগৃহীত ছবি
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় এক কিশোরীকে অপহরণ করে হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ধর্ষকের রাজনৈতিক পরিচয় নাই। ধর্ষককে শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পুলিশ প্রশাসন ন্যায্য দাবি ও মজলুমের বিরুদ্ধে কাজ করেছে। তারা পোশাক পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করে নাই। আপনারা মসজিদ, মন্দিরসহ সবখানে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলুন।
জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, আমরা এমন একটা দেশে বসবাস করি, যেখানে বারবার সরকার পরিবর্তন হয় কিন্তু দেশের কাঠামো পরিবর্তন হয় না। আমরা জুলাই অভ্যুত্থান করেছিলাম এমন একটা দেশ পেতে, যেখানে সবাই সমান বিচার পাবে। বিভিন্ন জায়গায় ধর্ষণ-খুন চলছে।