পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার আটক, তিন জেলেকে জরিমানা

পিরোজপুরে ১০ মণ জাটকাসহ দুটি ট্রলার আটক, তিন জেলেকে জরিমানা

সংগৃহীত ছবি

পিরাজপুরের ভাণ্ডারিয়ায় জাটকা সংরক্ষণে কোস্টগার্ড অভিযান চালিয়ে দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে। এ সময় ১০ মণ নিষিদ্ধ জাটকাসহ তিনজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার ভোর ৬টার দিকে ভাণ্ডারিয়ার কঁচা নদীতে কোস্টগার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ‌‘এফবি মায়ের দোয়া’ ও ‘এফবি সোলায়মান’ নামের দুটি ট্রলার আটক করে। এ সময় ট্রলারে মজুত করা প্রায় ১০ মণ জাটকা জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় কঁচা নদীতে সন্দেহজনক দুটি মাছধরা ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়। ট্রলারে থাকা জেলে সবুজ হোসেন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হোসেন খানকে (২৫) আটক করা হয়।

আটক তিন জেলেকে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার জানান, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্যসম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্টগার্ডের কর্মকর্তা মো. রাজু আহম্মদ জানান, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।