পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দীপেন দেওয়ান

পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে: দীপেন দেওয়ান

সংগৃহীত ছবি

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সকল সেক্টরের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে শিগগিরই পার্বত্যাঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়ন ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান।

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। এখানকার সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সকলকে নিয়ে কাজ করবো। পাহাড়ে উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাঙ্গামাটি সার্কিট হাউস চত্বরে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। আমরা আগে কাজ করে দেখাতে চাই, তারপর আপনাদের সামনে দৃশ্যমান ফলাফল উপস্থাপন করবো। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি এখন জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী জনগণের সেবা ও সুষম উন্নয়নের মানসিকতা নিয়ে কাজ করতে হবে। শুধু তাই নয় নির্বাচনের প্রতিশ্রুতির পাশাপাশি রাঙামাটিবাসির দীর্ঘদিনের দাবি কাপ্তাই-রাজস্থলী ও বান্দবানের সংযোগ সেতু বাস্তবায়ন করা হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর (অব.) অরূপ কুমার চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সহধর্মিনী মৈত্রী চাকমা উপস্থিত ছিলেন।