আখাউড়ায় ক্যাবল চুরি, ট্রেন চলাচলে বিঘ্ন
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের কাছে সিগন্যাল পোস্ট (সংকেত বাতি) ও ট্রাক সার্কিটের তার চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। বিকল্প উপায়ে ট্রেন চালিয়ে সংশ্লিষ্টরা সিগন্যাল ব্যবস্থা মেরামত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস সাড়ে সাতটার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এসে পৌঁছে। ট্রেনটিকে ছেড়ে যাওয়ার সিগন্যাল দিতে গিয়ে ঘটে বিপত্তি। অনেক চেষ্টা করেও ছাড়ার সংকেত দেওয়া যাচ্ছিলো না। পরে সংশ্লিষ্টরা স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে আখাউড়া পৌর এলাকার বাগানবাড়িতে গিয়ে দেখেন সিগন্যাল পোস্টেও বক্সের তার কাটা। এটা থেকে তার চুরি হয়েছে। পরে বিকল্প ব্যবস্থায় মেন্যুয়াল পদ্ধতিতে উপকুল এক্সপ্রেস ট্রেন চালানো হয়। মেরামত কাজ শেষে গভীর রাত থেকে ডাউন লাইন স্বাভাবিক সিগন্যালের মাধ্যমে ট্রেন চলাচল শুরু হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া রেলওয়ে জংশন ও এর আশেপাশের এলাকায় প্রায়ই তার চুরির ঘটনা ঘটছে। এতে ট্রেন চলাচল ব্যাহত হয়। আর্থিকভাবেও রেলওয়ের অনেক ক্ষতি হচ্ছে। মূলত মাদকসেবিরা এ ধরণের কাণ্ড ঘটায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয় থেকে আখাউড়া রেলওয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম জানান, শুক্রবারের ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। তবে বিষয়টি জানার পর জড়িতদের চিহ্নিত করতে কাজ চলছে। কিছুদিন আগে তারকাটার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।