বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের বিএজিএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বাউবির কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের বিএজিএড প্রোগ্রামের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত বিএজিএড (Bachelor of Agricultural Education)  প্রোগ্রাম-এর ২৫২ টার্মের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ২য়, ৪র্থ ও ৬ষ্ট সেমিস্টারে ভর্তি ও রেজিস্ট্রেশনকৃত নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুক্রবার সকাল ১০টায় সারাদেশের ১৫টি স্টাডি সেন্টারে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের (সার্ড) ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম গাজীপুর ক্যাম্পাসে তাঁর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক ড. একেএম আশরাফুল আলমসহ সার্ডের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

দেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক কেন্দ্র এবং উপ আঞ্চলিক কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বা তাদের প্রতিনিধিবৃন্দ, স্টাডি সেন্টার সমন্বয়কারীবৃন্দ এবং শিক্ষার্থীরা নিজ নিজ স্টাডি সেন্টারে সরাসরি অংশগ্রহণ করে এ আয়োজনে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সিরাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কৃষি শিক্ষা কেবল পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যম নয়; এটি জাতীয় উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং টেকসই গ্রামীণ অর্থনীতির ভিত্তি। তিনি নিষ্ঠা, অধ্যবসায় ও প্রযুক্তিনির্ভর শিক্ষাগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তাছাড়াও টিউটোরিয়াল ক্লাসে উপস্থিতির গুরুত্ব, নির্ভুল রেজিস্ট্রেশন ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে শিক্ষার্থী, টিউটর এবং সমন্বয়কারীদের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএজিএড প্রোগ্রামের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. এ কে এম আশরাফুল আলম। 

ওরিয়েন্টেশন কর্মসূচিতে বিএজিএড প্রোগ্রামের পাঠক্রম, মূল্যায়ন পদ্ধতি, অনলাইন ও অফলাইন শিক্ষাকার্যক্রম, অ্যাসাইনমেন্ট প্রণয়ন, টিউটোরিয়াল ক্লাস, পরীক্ষা পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রযোজ্য নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

উল্লেখ্য, উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে উচ্চশিক্ষা বিস্তারে বাউবি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের ওরিয়েন্টেশন কর্মসূচি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও একাডেমিক অভিযাত্রাকে সুসংহত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।