বান্দরবানে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
সংগৃহীত ছবি
বান্দরবানের লামায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বনবিভাগ। শনিবার রাতে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের অংহ্লাপাড়া এলাকা থেকে এই বানরটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপসীপাড়া ইউনিয়নের মুরুংঝিরি এলাকার জঙ্গলে কাঠ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক কাঠুরিয়া বানরটিকে দেখতে পান। বানরটিকে ধরতে গেলে কাঠুরিয়ারকে কামড় দিলে সেটিকে ধরে লোকালয়ে অংহ্লাপাড়ায় আনেন। পরে বনবিভাগকে খবর দেয়া হয়।
বনবিভাগ জানায়, খবর পেয়ে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে রাত ৯টার দিকে বিশেষ টহল দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা রনি পারভেজ ও সদর রেঞ্জ কর্মকর্তা কে এম কবির উদ্দিন এসে বানরটিকে উদ্ধার করে। শনাক্ত করে জানা যায়, বানরটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর। রবিবার সকালে ওই এলাকার বনাঞ্চলে অবমুক্ত করা হয়।