বরিশালে কর্মচারীকে নির্যাতনে মালিক গ্রেফতার

বরিশালে কর্মচারীকে নির্যাতনে মালিক গ্রেফতার

প্রতিকি ছবি

‎বরিশালের আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী ঘের মালিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ঘের মালিক শেখর বসুকে গ্রেফতার করা হয়। রবিবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

শেখর বসু উপজেলার বাকাল ইউনিয়নের মৃত নরেন বসুর ছেলে। তার বিরুদ্ধে থানায় মামলাকারী কর্মচারী নারায়ণ হালদার জানান, ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। শেখর বসু জেল থেকে বের হয়ে তাকে (নারায়ন) সন্দেহ করে এবং ঘের পাড়ের ঘরে আটক করে রশি দিয়ে বেঁধে মারধর করে মাথার চুল কেটে দেয়। এ সময় অসুস্থ হয়ে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু আমার মুখে প্রস্রাব করে দেয়। মোবাইল, টাকা, টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের কথায় পরে আমাকে ছেড়ে দেয়। গুরুতর আহত অবস্থায় আমি এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। এ বিষয়ে আমি বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছি।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।