পিরোজপুরে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

পিরোজপুরে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

প্রতীকি ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ৪ আগস্ট কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ–সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে আসলাম হোসেন (৫৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার চিড়াপাড়া–পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।

 

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবার আলী মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।