দিন দিন বাড়ছে যানজট, বিশ্বনাথে কার্যকর উদ্যোগের দাবি
সংগৃহীত ছবি
সিলেটের বিশ্বনাথ পৌরশহরে যানজট দিন দিন তীব্র হচ্ছে। শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় প্রতিদিনই দীর্ঘ সময় ধরে যানবাহনের চাপ তৈরি হচ্ছে। অনেক সময় পথচারীদের চলাচলের জন্যও তেমন জায়গা থাকে না।
স্থানীয়দের অভিযোগ, কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের অভাবে ভোগান্তি কমছে না।
চালক, যাত্রী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা বলছেন, সকাল থেকে রাত পর্যন্ত শহরের ভেতরে যানজট এখন নিত্যদিনের চিত্র। বিশেষ করে বাজার এলাকা ও পুরানবাজার বাসিয়া ব্রিজের মুখে পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ থাকে।
সচেতন মহলের মতে, বাজারের ভেতরে সড়কের ওপর একাধিক সিএনজি স্ট্যান্ড, যাত্রীবাহী বাসের নির্ধারিত নয় এমন স্টপেজ, যত্রতত্র ব্যাটারিচালিত অটোরিকশা পার্কিং এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাই যানজটের প্রধান কারণ। এসব কারণে সড়কের প্রস্থ অনেকটাই কমে গেছে। দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সংশ্লিষ্টরা জানান, পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট পুরানবাজার বাসিয়া ব্রিজের মুখ অনেক সময় যানবাহনের দখলে চলে যায়। এখানে জট তৈরি হলে কয়েক মিনিটের মধ্যেই পুরো পৌরশহর ভোগান্তিতে পড়ে। এই পয়েন্ট সচল থাকলে পুরো শহরের যান চলাচল স্বাভাবিক থাকে।
এ ছাড়া ব্রিজের খাড়া বাঁক ও ঢালু অংশ ভারী যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অনেক সময় বড় গাড়ি ঢাল বেয়ে উঠতে গিয়ে পিছিয়ে আসে। এতে পেছনের যানবাহন আটকে যায় এবং দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়।
ট্রাফিক সার্জেন্ট স্বপন তালুকদার বলেন, যানজট নিরসনে ওসি ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। সুধীজন ও স্থানীয় যানবাহন শ্রমিকদের নিয়ে করণীয় নির্ধারণ করা হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যানজট নিরসনে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে উদ্যোগ নেওয়া হচ্ছে।