হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

হাসপাতালে ভর্তি ফজলুর রহমান বাবু

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি অভিনেতার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর। 

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে বাবু চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

কামরুজ্জামান সাগর যোগ করেন, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। অভিনেতার সুস্থতা কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

১৯৯১ সালে কাজী নজরুল ইসলামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয়। ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু হয়। দীর্ঘ অভিনয় জীবনে দর্শকদের উপহার দিয়েছে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’, ‘ফাগুন হাওয়ায়’-এর মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র।