ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ২০
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামের আরুশ মিয়া ও নুরধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান এক লাখ টাকা ধার নেয়। কিন্তু দীর্ঘ পরেও সে সেই টাকা পরিশোধ করেননি।
এ নিয়ে গত মঙ্গলবার রাতে আরুশ মিয়া ও নুরধন মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা হয়। রাতেই এ ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ও স্থানীয়দের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর জের ধরে বুধবার সকালে নূরধন মিয়ার পক্ষ নিয়ে শ্রীঘর গ্রামের সাচ্ছারপাড়ার লোকজন আরুশ মিয়ার লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, একবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে আবার দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।