নড়িয়ায় ভক্ত হত্যা: সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরী গ্রেপ্তার

নড়িয়ায় ভক্ত হত্যা: সুরেশ্বর দরবার শরীফের পীর শাহীন নূরী গ্রেপ্তার

প্রতিকি ছবি

শরীয়তপুরের নড়িয়ায় ভক্ত জয়নাল সদার হত্যার ঘটনায় সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার ভোরে উপজেলার সুরেশ্বর দরবার শরীফ এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ২৪ অক্টোবর নড়িয়ার আটপাড়া এলাকার একটি ডোবা থেকে জয়নাল সরদারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে শাহীন নূরীর সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শরীয়তপুর জেলা পুলিশ–এর অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, তদন্তে শাহীন নূরীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বাড়ি থেকে গাড়িতে করে মরদেহটি ফেলে আসা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শাহীন নূরীর বিরুদ্ধে ধর্ষণ, অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।