যুবদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।
যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, যুবদলের নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনের প্রতি আন্তরিকতা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। তিনি নেতাকর্মীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, যুবদল সব সময় দেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।