ববিতে সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ

ববিতে সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতার চাঁদা দাবির অভিযোগ

ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনিক ভবন–১ এর সামনে আরসিসি সড়ক নির্মাণকাজে ছাত্রদল নেতা আজমান সাকিবের বিরুদ্ধে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বন্দর থানায় সাবেক সভাপতি রেজা শরিফ, বর্তমান সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্তসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স ধারা এন্টারপ্রাইজের প্রতিনিধি এবিএম আওলাদ হোসেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মেসার্স ধারা এন্টারপ্রাইজ, বিল্ডার্স কন্ট্রাক্টর্স অ্যান্ড সাপ্লায়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন–১ এর সম্মুখে আরসিসি সড়ক নির্মাণ (লট নং–০১) কাজের কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেন। কাজটি স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু গত ১ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে ২ নম্বর বিবাদী আজমান সাকিবের নেতৃত্বে উল্লেখিত বিবাদীরা এবং আরও অজ্ঞাতনামা ১০-১৫ জন সেখানে এসে কাজের বাধা সৃষ্টি করেন। এ সময় তারা কাজের ভাগের টাকা হিসেবে চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকার করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন এবং ঠিকাদারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন।

তবে চাঁদাবাজির এ অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতা আজমান সাকিব। উল্টো তিনি অভিযোগ করেছেন, ঠিকাদার নিম্নমানের কাজ করছিল, যার প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা। এখানে ছাত্রদল বা কোনো শিক্ষার্থী চাঁদা দাবি করেননি।

এ বিষয়ে জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. তৌফিক আলম এবং প্রক্টর রাহাত হোসাইন ফয়সালকে একাধিকবার ফোন করা হলেও অপরপ্রান্ত থেকে কোনো সাড়া মেলেনি।

বন্দর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলছেন, ঠিকাদারের প্রতিনিধি অভিযোগ করেছেন, এতে ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর করাসহ চাঁদাবাজির অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।