নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী

নির্বাচন পরবর্তী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় মেতেছে জামায়াত: নবীউল্লাহ নবী

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র নবীউল্লাহ নবী বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে নতুন সংসদের যাত্রা শুরুর আগেই দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াতে ইসলামী। তারা বিভিন্ন ঠুনকো ইস্যু নিয়ে রাজপথ উত্তপ্ত করার অপচেষ্টা চালাচ্ছে, যা অত্যন্ত হাস্যকর ও জনবিচ্ছিন্ন।

শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ীতে ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীউল্লাহ নবী বলেন, জামায়াত পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি দলীয় নেতাকর্মীদের এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাদল সরদার, যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদ খান এবং যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৪৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মোসলেহ উদ্দিন।

বক্তব্য শেষে দেশ, জাতি ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।