অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেছেন, সমাজের অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারবদ্ধ। একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে এই নীতিতে সরকার স্থির আছে, থাকবে, ইনশাআল্লাহ।
শুক্রবার নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বিপুল জনরায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে ও জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়, বিবেচনা করা হবে না। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি’র নেতা কর্মীরা জীবনবাজি রেখে রাজপথে সংগ্রাম করেছে তা শ্রদ্ধাভরে স্মরণ করে মীর হেলাল বলেন, এখন দেশ গড়ার পালা, “কবর কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ” প্রধানমন্ত্রীর এ স্লোগানকে সামনে রেখে সব প্রকার অপরাধী দমন করে শান্তি ও সমৃদ্ধ জাতি গঠনে দলীয় নেতাকর্মীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এস এম ফজলুল হক, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ইদ্রিছ মিয়া, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এস এম সাইফুল আলম, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর.ইউ চৌধুরী শাহিন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী প্রমুখ।