ঢাকায় শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল
প্রতিকি ছবি
শিবগঞ্জ উপজেলা (বগুড়া) কল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ বার কাউন্সিল ভবনে এই অনুষ্ঠানে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সংবর্ধনা গ্রহণ শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে বঞ্চিত বগুড়া তথা শিবগঞ্জের মানুষের ন্যায্য দাবি-দাওয়া পূরণে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির মাধ্যমে শিবগঞ্জ উপজেলার মানুষের উন্নয়নে কীভাবে সম্মিলিতভাবে কাজ করা যায় সে বিষয়ে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিলিফ কমিটির চেয়ারম্যান ও বগুড়ার জিপি অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম টুকু এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী সমিতির বগুড়া ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো.আব্দুল বাছেদ।
বিকাল ৪টায় সমিতির দপ্তর সম্পাদক ও জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত আবু বকর সিদ্দিক পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ও সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মশিহুর রহমান।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ এবং সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম মাইদুল ইসলাম, বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, অতিরিক্ত সচিব ও সমিতির সভাপতি বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ড. কাজী মো. ইমদাদুল হক, সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসেমুজ্জামান, রুপসী বিডির এমডি মীর শাকরুল আলম সীমান্ত সহ আরো অনেকে। ইফতার অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক সাবিহা সুলতানা পুতুল এবং সদস্য সচিব মো. মোফাচ্ছের আলী।