মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময় বাড়ানোর এই সিদ্ধান্ত ২০২৬ শিক্ষাবর্ষের বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এমপিএড কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য।
পাশাপাশি ২০২৩–২০২৪ শিক্ষাবর্ষের এলএলবি শেষপর্ব, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) কোর্সেও এই সময় বৃদ্ধি কার্যকর হবে।
এছাড়া ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সও এ সময়সীমার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি) আগামী ৩১ মার্চের মধ্যে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে জানা যাবে।