ডিবি উত্তরার বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

ডিবি উত্তরার বিশেষ অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. দুলাল (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

শনিবার (৭ মার্চ) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৬ মার্চ) বিকেলে শাহবাগ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস টিম শাহবাগ মোড় এলাকার ফুল মার্কেট কবিরের ভাতের হোটেলের সামনে অভিযান পরিচালনা করে দুলালকে গ্রেপ্তার করে।

এ সময় তার হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা, ৮ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোয়া গাড়ি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত দুলাল মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।