খেলাফত যুব মজলিসের মতবিনিময় ও ইফতার মাহফিল

খেলাফত যুব মজলিসের মতবিনিময় ও ইফতার মাহফিল

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের উদ্যোগে ভ্রাতৃপ্রতিম বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাজধানীর পল্টনস্থ বাইতুল ভিউ ভবনের বার্ডস আই রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের পরিচালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, 'জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়; এটি দেশের স্বাধীনতা, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।'

তিনি আরও বলেন, দেশের ইসলামী ও সমমনা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সংহতি ও ঐক্য সময়ের দাবি। বিভক্তি বা মতানৈক্য জাতির জন্য কল্যাণ বয়ে আনে না। জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জুলাই আন্দোলনের যে চেতনা ও প্রত্যাশা ছিল, তা বাস্তবায়নে রাজনৈতিক দল, যুব সংগঠন ও সচেতন নাগরিক সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যুবসমাজকে দেশের ভবিষ্যৎ ও পরিবর্তনের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম এবং বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ জাতীয় যুব সংহতির আহ্বায়ক মো. হারুন অর-রশিদ, বিপ্লবী ওয়ার্কস পার্টির আহ্বায়ক বাবর চৌধুরী, জাতীয় যুব পরিষদের সভাপতি এস. এম. সামছুল আলম নিক্সন প্রমুখ।