আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

আগামীকাল থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (৯ মার্চ) থেকে শুরু হবে। রাজধানীর কড়াইল এলাকায় নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই সুবিধাভোগীদের কাছে মোবাইল ফোনে প্রথম মাসের নগদ সহায়তা পৌঁছে যাবে।

এই কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে আর বাণিজমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকবেন সুনামগঞ্জে।

প্রকল্পের বিস্তারিত জানাতে আজ সোমবার (৯ মার্চ) দুপুর আড়াইটায় অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে সংবাদ সম্মেলন করবে অর্থ মন্ত্রণালয়। 

আগামীকাল মঙ্গলবার থেকে যেসব এলাকায় পরীক্ষামূলক ফ্যামিলি কার্ড দেওয়া হবে সেগুলো হচ্ছে–রাজধানীর কড়াইল বস্তি, সাততলা বস্তি, ভাসানটেক বস্তি, মিরপুর সার্কেল বা শাহ আলীর ওয়ার্ড-৮, আলিমিয়ার টেক বস্তি ওয়ার্ড-১৪ ও বাগানবাড়ি বস্তি এলাকা। রাজবাড়ীর পাংশা, চট্টগ্রামের পটিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবানের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাসন, সুনামগঞ্জের দিরাই, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর এবং দিনাজপুরের নবাবগঞ্জ।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে ১৪ উপজেলার একটি করে ওয়ার্ডে এই কার্ড দেওয়া হবে।

এর আওতায় প্রতি পরিবার মাসে আড়াই হাজার টাকা পাবে। এ বিষয়ে গত ১৯ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। 

কয়েক দিন আগে সরকারের তরফে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন বগুড়ায় হবে বলে জানানো হয়েছিল, পরে তা পরিবর্তন করা হয়। এখন ঢাকার কড়াইল এলাকায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।