টেকনাফে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

টেকনাফে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে প্রায় ১১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নৌবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। 

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ মার্চ) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করে নৌবাহিনী।

অভিযান চলাকালে মাদক কারবারিদের একটি আস্তানা থেকে সাদা রঙের দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দ করা ইয়াবাগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করছে এবং উপকূলকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।