সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেছেন, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। গঠনমূলক সমালোচনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে দেশকে এগিয়ে নিতে চাই। গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা (সিসাস)-এর উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কাওসার আজম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।
প্রধান অতিথি আমিরুল ইসলাম খান আলিম বলেন, রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
তিনি সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার কার্যক্রমকে আরও গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন, সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সেলিম খান, সিনিয়র সাংবাদিক তারিফুল ইসলাম, সহ-সভাপতি হাসনায়েন তানভীর ইমন, মেহেদী হাসান ডালিম, দফতর সম্পাদক নাজমুল ইসলাম।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক হামিদ সরকার। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।