ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, এক লাখ টাকা জরিমানা

ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, এক লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ফতুল্লা এলাকায় অনিবন্ধিতভাবে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে ‘আমিন স্কয়ার বিডি’ নামের একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা জানান, কারখানাটিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই সেমাই, আর্টিফিশিয়াল ড্রিংক ও এডিবল জেলসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কজাত করা হচ্ছিল। পাশাপাশি উৎপাদন ও প্যাকেটজাত করার সময় স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ব্যবহার না করেই খাবার প্রস্তুত করা হচ্ছিল।

অভিযানে খাদ্যপণ্য অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে সংরক্ষণ, পোড়া তেলের ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদের প্রমাণও পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দোষ স্বীকারোক্তির ভিত্তিতে কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, র‌্যাব-১১ নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পরিচালক মো. শামসুর রহমান এবং নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান হালদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে র‌্যাব-১১ ও জেলা পুলিশের দুটি টিম।