কুমিল্লার বুড়িচংয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

কুমিল্লার বুড়িচংয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

প্রতিকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে এক ভারতীয় নাগরিকসহ তিনজনকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক দুজন ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ইস্টার্ন মেডিকেল কলেজের সামনে ডিবি পুলিশের একটি দলে এ অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন— ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার বাঘাইয়ার চর এলাকার ইমরান নাজির (২২)।

তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া কুমিল্লার বরুড়া উপজেলার ফয়েলগাছা ইউনিয়নের ফয়েলগাছা এলাকার মো. সাফা আহাম্মদ (২১), তিনিও একই কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

অপর আটক ব্যক্তি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কানুয়ার মুখ এলাকার সোহেল রানা (৩৬)। তিনি আগে প্রবাসে ছিলেন বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আলম শাহ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িত যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’