সাংবাদিক প্রসূন আশীষের ওপর হামলার নিন্দা বিএসআরএফের
ফাইল ছবি
পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে জ্যেষ্ঠ সাংবাদিক প্রসূন আশীষের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সচিবালয় বিটভুক্ত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে অফিসে যাওয়ার পথে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তাঁরা আরও বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের বারবার হামলা ও হয়রানির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক।
ভুক্তভোগী সাংবাদিক প্রসূন আশীষ জানান, গত রোববার (৮ মার্চ) বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালে আটকা পড়ে ‘আমাদের সময় সংবাদ’-এর গাড়ি। সিগন্যাল ছাড়লে গাড়িটি চলতে শুরু করার পর হঠাৎ এক ট্রাফিক সার্জেন্ট তা বন্ধ করে দেন। এ সময় চালক হর্ন বাজালে উত্তেজিত হয়ে পড়েন ওই ট্রাফিক কর্মকর্তা। পুরো ঘটনাটি এক পথচারী মুঠোফোনে ধারণ করছিলেন। সেই দৃশ্য ধারণে বাধা দিতে গিয়ে হঠাৎ ‘মব’ তৈরি করে আমাদের সময় সংবাদের জ্যেষ্ঠ ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান ও প্রসূন আশীষের ওপর সরাসরি হামলা চালানো হয়।
হামলায় জড়িত হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসানের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।
বিএসআরএফ নেতারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এবং আহত সাংবাদিক প্রসূন আশীষের দ্রুত সুস্থতা কামনা করেন।