কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প

কুড়িগ্রামে দুর্গম চরাঞ্চলে বিনা মূল্যে চক্ষু ক্যাম্প

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম নারায়ণপুর চরে আড়াই শতাধিক দরিদ্র ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনা মূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি কর্মসূচির আয়োজনে এবং মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে নারায়ণপুর বাজারসংলগ্ন ব্র্যাক অফিসে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়।

এ সময় রোগীদের চোখ দেখানো, পাওয়ার পরীক্ষা, ফ্রি চশমা বিতরণ ও ছানি রোগী দেখা হয়।

ক্যাম্পে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা পেয়ে খুশি রোগীরা। তারা বিচ্ছিন্ন এই এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আরও সহযোগিতা চেয়েছেন। 

চরাঞ্চলের দুর্গম মানুষের মাঝে সেবা প্রদান বিষয়ে ব্র্যাক কুড়িগ্রাম দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ৩ থেকে ৪টি নদী পেরিয়ে নারায়ণপুরে সেবা দেওয়া কঠিন হলেও ব্র্যাক নিয়মিতভাবে এ ধরনের সেবামূলক কর্মসূচিগুলো পালন করে আসছে।

মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুমল হাসান বলেন, যারা চোখের ছানি সমস্যায় ভুগছেন, তাদেরকে আমরা বিনা মূল্যে অপারেশনে সহযোগিতা করে আসছি।