সচিবকে মারধর: কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

সচিবকে মারধর: কুমিল্লা সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ

সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারকে মারধরের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের সামনে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে সিটি করপোরেশন কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তারা বলেন, নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাশারের কাছে অবৈধভাবে ওয়ারিশ সনদ নেওয়ার জন্য চাপ দেন কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ভিপি আবদুল্লাহ। কিন্তু নিয়মবহির্ভূত কাজটি করতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে ভিপি আবদুল্লাহ ও তার সহযোগীরা সচিব আবুল বাশারকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

বক্তারা বলেন, একজন সচিবের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় এবং এটি প্রশাসনিক কাজকে বাধাগ্রস্ত করার শামিল।

পরে সিটি করপোরেশন প্রাঙ্গণে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওয়ার্ড সচিবরা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও দেন।

ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশনের ওয়ার্ড সচিবরা তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, আমাদের একজন ওয়ার্ড সচিবকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। বিষয়টি প্রশাসককে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।